ড্যানজেল ওয়াশিংটনের মুকুটে নতুন পালক যুক্ত হচ্ছে। এবার তিনি পাচ্ছেন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম। আমেরিকার সমাজ, সংস্কৃতি, রাজনীতি বা বৈশ্বিক সম্প্রীতিতে অবদান রাখার জন্য এ সম্মাননা দেয়া হয়। এ বছর ১৭ জন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার মনোনীত এই ১৭ জনের নাম ঘোষণা করেছেন। প্রতি বছরের মতো এবারো জুলাইয়ে হোয়াইট হাউজে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সম্মাননা প্রদান করা হবে।
এ বছরের মনোনীতদের মধ্যে ওয়াশিংটনই একমাত্র বিনোদন ব্যক্তিত্ব। এছাড়া ক্রীড়াঙ্গন থেকে রয়েছেন সিমোন বাইলস ও মেগান রেপিনো। এছাড়া ধর্মীয় ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন সিস্টার সিমোন ক্যাম্পবেল ও ফাদার আলেকজান্ডার কার্লোসটস। রাজনৈতিক অঙ্গন থেকে এবার সম্মানিত হচ্ছেন গ্যাব্রিয়েল গিফোর্ডস ও অ্যালান সিম্পসন। এছাড়া সমাজকর্মী বা অ্যাকটিভিস্টদের মধ্য থেকে আছেন ফ্রেড গ্রে, দিনে ন্যাশ ও রাউল জাগুয়ের, জুলিয়েটা গার্সিয়া, স্বাস্থ্য খাতের কর্মী স্যান্ড্রা লিন্ডসে, কনস্টিটিউশন লিটারেসি অ্যান্ড ন্যাশনাল ইউনিটি প্রজেক্টের প্রতিষ্ঠাতা খিজির খান। আরো থাকছেন আমেরিকার সামরিক ব্যক্তিত্ব উইলমা ভট। মরণোত্তর সম্মাননা পাচ্ছেন স্টিভ জবস, জন ম্যাককেইন এবং রিচার্ড ট্রামকা।
ড্যানজেল ওয়াশিংটন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। এছাড়া তিনি তার সময়ের সেরা পরিচালকদের একজন। ক্যারিয়ারের পুরো সময়ে এখন পর্যন্ত দুবার তিনি অস্কার লাভ করেছেন। গ্লোরি ও ম্যালকম এক্সের জন্য পুরস্কৃত হওয়ার পাশাপাশি মনোনয়ন পেয়েছেন আটবার। এ বছরও দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ সিনেমার জন্য অস্কার পাবেন বলে জোর গুঞ্জন ছিল। ২০১৬ সালে তিনি লাভ করেছিলেন ডি’মিলে আজীবন সম্মাননা (গোল্ডেন গ্লোবের অংশ) পুরস্কার। ২০২০ সালে নিউইয়র্ক টাইমস ড্যানজেল ওয়াশিংটনকে একুশ শতকের সেরা অভিনেতা খেতাব প্রদান করে। ২০২২ সালের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করা হবে ৭ জুলাই।
সূত্র: ভ্যারাইটি










