দক্ষিণি সিনেমা যে দিনে দিনে বলিউডের মাথাব্যথার কারণ হয়ে উঠছে তা আর কারো অজানা নয়। ভারতের বাইরেও যেসব দেশে বলিউডি সিনেমার প্রভাব ছিল, সেখানে এখন দক্ষিণি সিনেমার জয়জয়কার। এ নিয়ে চলছে ব্যাখ্যা-বিশ্লেষণ। এবার শোনা গেল বলিউডের প্রভাবশালী অভিনেতা সঞ্জয় দত্তের কথা।

‘হিরোইজম’ ভুলে যাওয়াকে বলিউডের সিনেমার পিছিয়ে পড়ার মূল কারণ হিসেবে মনে করেন সঞ্জয়। তিনি মনে করেন, বলিউড এখন নায়কনির্ভর সিনেমা থেকে সরে গিয়ে জীবনের খণ্ডচিত্র নিয়ে কাজ করছে। এ কারণে দর্শক বলিউডি সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে সঞ্জয় দত্ত বলেন, ‘আমরা কেন হিরোইজম ভুলে গেলাম? দক্ষিণি ইন্ডাস্ট্রি সবসময় হিরোইজমে বিশ্বাস রেখেছে। তারা এ ভাবনা মাথায় রেখেই সিনেমা নির্মাণ করে। তারা নায়ককে বাস্তব দুনিয়ার চেয়ে বড় করে উপস্থাপন করে। আমি বেড়ে ওঠার সময় অমিত জি (অমিতাভ বচ্চন), ধর্মেন্দ্র জিকে সে রকম নায়কের চরিত্রে দেখেছি। আমরা ক্যারিয়ারের শুরুতে সে রকম কাজই করেছি। তারপর হঠাৎ করেই সেগুলো হারিয়ে গেল।’

সঞ্জয় আরো বলেন, ‘দক্ষিণের আরআরআর, পুষ্পা কিংবা কেজিএফ সারা ভারতে আলোড়ন ফেলে দিয়েছে। আমি বলছি না জীবনের এক টুকরো গল্প নিয়ে সিনেমা তৈরি করাটা খারাপ, বরং অবশ্যই তা ভালো। কিন্তু এসব সারা ভারতের মানুষের জন্য উপযোগী নয়। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থানের মানুষকে ভুলে গেলে হবে না। তারা দর্শকের বড় অংশ এবং তারা আমাদের সিনেমা দেখতে চান।’

সঞ্জয় শেষে শুনিয়েছেন একটি কৌতূহলোদ্দীপক ঘটনা। একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেছিলেন ভূমি সিনেমার একটি দৃশ্যে তিনি কেন হাত জোড় করেছিলেন বরং তার উচিত ছিল প্রতিপক্ষকে ধ্বংস করে দেয়া, কারণ ভক্তরা তার কাছে তেমনটাই আশা করেন।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস