কন্নড় সিনেমার অন্যতম তারকা কিচ্চা সুদীপ। সম্প্রতি এক সাক্ষাত্কারে প্যান ইন্ডিয়া সিনেমা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘হিন্দি আর এখন আমাদের জাতীয় ভাষা নয়।’
দক্ষিণি তারকার এ মন্তব্য নজরে আসে বলিউড তারকা অজয় দেবগনের। হিন্দি ভাষা নিয়ে দুই তারকার মতবিরোধ দেখা দেয়। কয়েক দফা টুইট চালাচালির পর ভুল বোঝাবুঝি শেষ হলেও এ নিয়ে টুইটে নিজের মত তুলে ধরেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা।
এর আগে সুদীপের টুইটের বিপরীতে বুধবারে অজয় দেবগন একটি টুইট করেন। হিন্দি টুইটে এ তারকা লেখেন, ‘কিচ্চা সুদীপ ভাই, আপনার কথা অনুযায়ী হিন্দি আমাদের রাষ্ট্রভাষা যদি না হয় তাহলে আপনারা নিজেদের মাতৃভাষার ছবিগুলোকে হিন্দিতে ডাবিং করে মুক্তি দিচ্ছেন কেন? হিন্দি আমাদের মাতৃভাষা আর রাষ্ট্রভাষা ছিল, আছে, থাকবে।’
অজয়ের টুইটের পাল্টা জবাব দিয়েছেন সুদীপ। এ তারকা লেখেন, ‘স্যার, আপনি হিন্দিতে যা লিখেছেন, আমি বুঝেছি। কারণ আমরা সবাই হিন্দি ভাষাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আর তাই হিন্দি শিখেছিও। তবে আমি যদি টুইটটা কন্নড় ভাষায় লিখতাম তাহলে পরিস্থিতিটা কেমন দাঁড়াত? আচ্ছা, আমরা কি ভারতের অংশ নই?’
অজয়-কিচ্চা সুদীপের টুইট যুদ্ধে বেশ ভালো শোরগোল শুরু হয়ে যায় নেট দুনিয়ায়। এ অবস্থায় রাম গোপাল ভার্মা চুপ থাকেননি। এ নির্মাতা কিচ্চা সুদীপকে ট্যাগ করে টুইট করেন। তিনি লেখেন, ‘এ সত্য অস্বীকার করার উপায় নেই, উত্তরের তারকারা দক্ষিণি তারকাদের মোটেই নিরাপদ বলে মনে করেন না। হিংসাও করেন। কারণ কন্নড় সিনেমা কেজিএফ টু বক্স অফিসে প্রথম দিনই ৫০ কোটি রুপি আয় করে নিয়েছে। আর আমরা সবাই তো দেখছি একেকটা হিন্দি সিনেমার মুক্তির প্রথম দিনের আয় কত।’
দুই তারকার লড়াইয়ে অবশ্য সমাধান এসেছে। ফের টুইটে অজয় দেবগন লেখেন, ‘ভুল বোঝাবুঝি দূর করার জন্য ধন্যবাদ। আমি সবসময় ফিল্ম ইন্ডাস্ট্রিকে এক মনে করেছি। আমরা সব ভাষাকে সম্মান করি এবং আমরা আশা করি সবাই আমাদের ভাষাকেও সম্মান করবে। হতে পারে অনুবাদ করতে গিয়ে মন্তব্যের কিছু অংশ হারিয়ে গিয়েছে।’
সূত্র: বলিউড হাঙ্গামা










