বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। গতকাল বড় পর্দায় মুক্তি পেল সৃজিত মুখার্জি পরিচালিত ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিতু’। এতে ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিতালি রাজের নাম ভূমিকায় অভিনয় করেছেন তাপসী। সিনেমাটির ট্রেলার সামনে আসতেই সবার প্রশংসা কুড়িয়েছিল। তবে মুক্তির পর মিশ্র বক্তব্য আসছে সাবাশ মিতু নিয়ে।
তাপসী তার সদ্য মুক্তি পাওয়া সিনেমার প্রচারে দারুণ ব্যস্ততার মাঝেও দর্শকদের জানালেন ‘হাসিন দিলরুবা’র কথা। গত বছর ওটিটিতে মুক্তি পেয়েছিল রোমান্টিক থ্রিলার ওয়েব ফিল্ম হাসিন দিলরুবা। ওয়েব ফিল্মটি সবার মন জয় করেছিল। এবার তাপসী জানালেন আসতে চলছে হাসিন দিলরুবার সিক্যুয়েল।
তাপসীর সঙ্গে বিক্রান্ত মাসে ও হর্ষবর্ধন রানেকে দেখা গিয়েছিল হাসিন দিলরুবায়। সাসপেন্সের সঙ্গে অসাধারণ অভিনয় দিয়ে দর্শক মহলে সমাদর পেয়েছিল এটি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাত্কারে হাসিন দিলরুবা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে এ অভিনেত্রী জানান, ‘সিনেমাটিয়
দ্বিতীয় অংশ আসার কথা রয়েছে। যারা এটা দেখেছেন তারা এর পরবর্তী অংশ এখনো দেখতে চান। নির্মাতারাও এটা নিয়ে ভাবছেন।’ তবে এখনই আসছে না সিনেমাটির সিক্যুয়েল। এটি নির্মাণে সময় লাগবে বলে জানিয়েছেন তাপসী।
আসন্ন সিনেমাগুলোর কাজ নিয়ে ক্যারিয়ারে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তাপসী পান্নু। বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে খ্যাতিমান পরিচালক রাজকুমার হিরানীর পরবর্তী সিনেমা ‘ডাঙ্কি’-তে কাজ করছেন এ অভিনেত্রী। অনুরাগ কাশ্যপের মিস্ট্রি ড্রামা ‘দোবারা’য় দেখা যাবে তাকে। সিনেমাটি স্প্যানিশ ফিল্ম ‘মিরাজ’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে জনপ্রিয় স্প্যানিস সিনেমার ‘জুলিয়াস আইজ’ রিমেক করতে চলেছেন অজয় বাহলস। হরর থ্রিলারধর্মী এ সিনেমায় থাকছেন তাপসী। সিনেমাটির মধ্য দিয়ে একজন প্রযোজক হিসেবে বলিউডে পা রাখতে যাচ্ছেন এ অভিনেত্রী।
২০১০ সালে কে রাঘবেন্দ্র রায় পরিচালিত ‘ঝুম্মান্দি নাদাম’ রোমান্টিক মিউজিক্যাল সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক হয় তাপসী পান্নুর। পরবর্তী তামিল সিনেমা ‘আদুকালাম’-এ কাজ করেন তিনি, যেখানে তার বিপরীতে ছিলেন দক্ষিণি জনপ্রিয় অভিনেতা ধানুশ। এরপর একের পর এক কাজ করে তাপসী পান্নু উপহার দিয়েছেন একাধিক বক্স অফিস হিট সিনেমা।
সূত্র: পিংক ভিলা










