কিছুদিন পরই ঈদুল আজহা। ঈদকে ঘিরে কনটেন্ট নির্মাণে ব্যস্ত দেশের তারকারা। নির্মাণ শেষে প্রচারণায়ও মন দিয়েছেন তারা। এদের দলে রয়েছেন তাসনিয়া ফারিণও। এ ঈদে ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে। তবে তার আগেই ৯ জুন হঠাৎ করেই লাইভে আসেন এ অভিনেত্রী। তাকে বেশকিছুটা অগোছালো এলোমেলো মনে হয় এ লাইভে। নির্মাণাধীন এক রাস্তায় তিনি কিছু একটা খুঁজছেন বলে মনে হয়েছে। কথাবার্তার এক ফাঁকে ফারিণ জানান তিনি তার বোনকে খুঁজছেন।

ফারিণের এ লাইভ নেট দুনিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সেও দর্শক ফারিণ ও তার বোন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। কেউ বোন সম্পর্কে বিস্তারিত জানতে চান তো কেউ জানতে চান এটি নতুন কোনো কনটেন্টের প্রমোশন কিনা! তবে ফারিণ এসব কোনো প্রশ্নেরই উত্তর সেদিন দেননি।

তবে পরের দিন ফারিণ ফেসবুকে ছবি শেয়ার করে বিষয়টি খোলাসা করেছেন। একটি স্টাট্যাসে ফারিণ লেখেন, ‘‌আমার বোনকে কি সত্যিই খুঁজে পাব?’ বাক্যটির পরই তিনি লিখেছেন, ‘‌এ ঈদে আসছে নিকষ দীপ্ত প্লেতে।’ বোঝা যাচ্ছে ফারিণ আসলে ‘‌নিকষ’ নামের ওয়েব ফিল্মটির প্রচারণায় অংশ নিয়েছিলেন। এ নিয়ে দীপ্ত প্লের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ঈদুল আজহায় ‌নিকষ ওয়েব ফিল্মটি আসছে দীপ্ত প্লেতে। এটি প্রচারণার জন্য ফারিণ লাইভে এসেছিলেন। বর্তমান সময়ে নির্মাণের পর প্রচারণায় বেশ জোর দেন নির্মাতা ও কলাকুশলীরা। এতে কনটেন্ট নিয়ে দর্শকের আগ্রহের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের লুক নিয়েও দর্শকের মনে নানা প্রশ্নের উদয় হয়।

প্রচারণার এমন কৌশল খুব কম দেখা যায়। ভিন্নভাবে লাইভে এসে এভাবে আসন্ন ওয়েব কনটেন্ট নিয়ে প্রচারণা করার বিষয়টি নিয়ে জানতে চাইলে তাসনিয়া ফারিণ বলেন, ‘‌শুরু থেকেই আমাদের পরিকল্পনা ছিল ব্যতিক্রম কিছুর মাধ্যমে প্রচারণা করতে। যেটা দর্শকের মনে থাকবে এবং তাদের মনে নানা প্রশ্ন জাগাবে। সে ভাবনা থেকেই এ লাইভ করা হয়েছে। এরপর আমরা রহস্য পরিষ্কার করে দিয়েছি। তাই এ নিয়ে দর্শকের বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।’

এরই মধ্যে নিকষে তাসনিয়া ফারিণের লুক নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। এখন দেখার পালা ফারিণ কী নতুন গল্প নিয়ে আসেন এ ওয়েব ফিল্মটিতে। তাসনিয়া ফারিণ নাটক ও ওয়েব দুনিয়ায় ব্যস্ত সময় পার করছেন। বড় পর্দায়ও অভিষেক হয়েছে ফারিনের কলকাতার জনপ্রিয় নির্মাতা অতনু ঘোষের সিনেমার ‘‌আরো এক পৃথিবী’ মাধ্যমে।