অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তানজিকা আমিন। মিডিয়ায় কাজ করছেন প্রায় দুই দশক। তবে নতুন করে আলোচনায় এসেছেন ওটিটিতে কাজ করার পর। ‘মহানগর ২’ দিয়ে নজর কাড়েন তিনি। এরপর ওটিটি প্লাটফর্মে অভিনয় করেছেন আরো বেশ কয়েকটি কনটেন্টে। সে ধারাবাহিকতায় এ মাসে মুক্তি পাচ্ছে তানজিকা অভিনীত দুটি ওয়েব ফিল্ম। চরকিতে মুক্তি পাবে শরাফ আহমেদ জীবন পরিচালিত ‘ডিমলাইট’, আই স্ক্রিনে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’।
ডিমলাইট কমেডি ঘরানার ফিল্ম। এতে অভিনয় করছেন মোশাররফ করিম ও পারশা ইভানা। নির্মাতা শরাফ আহমেদ জীবনও থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। অমীমাংসিত বেশ আগে তৈরি করা ফিল্ম। নানা জটিলতায় মুক্তি পায়নি। এবার সেটি আসতে যাচ্ছে। বোঝাই যাচ্ছে দুটি কনটেন্টে ভিন্ন ধারার দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিকা।
বছরের শেষে দুটি ওয়েব ফিল্ম মুক্তি নিয়ে আনন্দিত এ অভিনেত্রী। তিনি বলেন, ‘দুটি ভিন্ন ধরনের কাজ নিয়ে দর্শকের সামনে আসছি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে চরিত্র দুটি ফুটিয়ে তুলতে। কেমন করেছি তা দর্শক বলবে দেখার পর। তাদের ভালো লাগলে আমার ভালো লাগবে।’
ডিমলাইট সিনেমায় মধ্যবিত্ত পরিবারের গৃহিণীর চরিত্রে অভিনয় করেছেন তানজিকা। মিডলাইফ ক্রাইসিসের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমার কাহিনী। তানজিকা বলেন, ‘আমার চরিত্রের নাম তানিয়া। আমার স্বামীর চরিত্রে আছেন মোশাররফ করিম। মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণীর চরিত্রে অভিনয় করেছি।’
১১ ডিসেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে ডিমলাইট। অন্যদিকে দুই বছর আগের অমীমাংসিত মুক্তি পেতে যাচ্ছে কেবল। তানজিকা জানান, পুরনো হলেও এটা তার পছন্দের একটি কাজ। এ সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। ধারণা করা হচ্ছে সাগর-রুনি দম্পতির গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী।
অমীমাংসিতয় অভিনয় নিয়ে তানজিকা বলেন, ‘সাংবাদিক চরিত্রে অভিনয় করতে একটু বেগ পেতে হয়েছে। একে তো সাংবাদিক, তার ওপর চরিত্রটি এরই মধ্যে প্রতিষ্ঠিত। কাজটি নিয়ে সবার এত বেশি প্রত্যাশা, তার কতটুকু পূরণ করতে পারব, সেটা নিয়ে কিছুটা ভয় কাজ করছে মনে।’
তবে দুটো সিনেমা নিয়েই আত্মবিশ্বাসী তানজিকা। সিনেমার টিম সবাই নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছেন।










