হলিউড বক্স অফিস চলছে ঢিমেতালে। এ বছর লাইভ অ্যাকশন সিনেমার তুলনায় ভালো ব্যবসা করেছে অ্যানিমেশন। সুপার মারিও ব্রোস মুভি আছে শীর্ষে। এরপর তালিকায় আছে মার্ভেলের গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি, অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ। কিন্তু সিনেমাগুলো আশানুরূপ আয় করতে পারেনি। সে তুলনায় ভালো আয় করেছে দ্য লিটল মারমেইড, জন উইক চ্যাপ্টার ফোর, ক্রিড ইত্যাদি। হালে চলছে স্পাইডার ম্যান অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স। সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করেছে ১২ কোটি ডলার। গ্রীষ্ম মূলত হলিউডে কিছুটা মন্দায় যায়। এ বছর সেখানে কিছুটা আশা দেখা যাচ্ছে। এ মাসে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা দ্য ফ্ল্যাশ ও ইন্ডিয়ানা জোনস।

এ মাসে বক্স অফিসকে ভরসা দিতে ১৬ জুন মুক্তি পাচ্ছে দ্য ফ্ল্যাশ। ডিসির কামব্যাক ফিল্ম হতে পারে এটি। অভিনয় করছেন এজরা মিলার, মাইকেল কিটন, বেন অ্যাফ্লেক ও শাশা ক্যালি। সিনেমার সাড়া ও অগ্রিম বুকিং থেকে ধারণা করা হচ্ছে সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করবে ৭ কোটি ৫০ লাখ ডলার। খুব একটা ভালো নয় এ অংক। এর আগে ম্যাট রিভসের ‘‌দ্য ব্যাটম্যান’ প্রথম সপ্তাহে আয় করেছিল ১৩ কোটি ৪০ লাখ ডলার। তবে ডিসির সিনেমার যে অবস্থা সে তুলনায় সিনেমাটি ভালো অবস্থানে আছে। কারণ ডিসির ব্ল্যাক অ্যাডামের প্রথম দিকের আয় ছিল এর চেয়ে কম। বিশেষত শাজাম আয় করেছিল মাত্র ৩ কোটি ডলার। সেদিক থেকে দ্য ফ্ল্যাশের সম্ভাবনা ভালো। বিশ্লেষকরা বলছেন, প্রথম সপ্তাহের পর সিনেমার আয় বাড়তে পারে।

মাসের শেষে মুক্তি পাচ্ছে ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি। সিনেমাটিতে অভিনয় করছেন হ্যারিসন ফোর্ড। এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়ে সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া হ্যারিসন ফোর্ড পেয়েছেন সম্মাননা পুরস্কার। তা বাদেও ইন্ডিয়ানা জোনসের একটি আবেদন আছে নানা বয়সের দর্শকদের কাছে। ফলে সিনেমাটি নিয়ে বক্স অফিসের আশাবাদ আছে। ধারণা করা হচ্ছে, ইন্ডিয়ানা জোনস তার প্রথম সপ্তাহে আয় করবে ৬-৭ কোটি ডলার। এখানে বলে রাখা ভালো, জোনসের এ আয় কেবল আমেরিকায়। এর বাইরেও নানা স্থানে সিনেমাটি মুক্তি পাবে এবং সেসব জায়গা থেকেও ভালো আয় করার সম্ভাবনা আছে। জন উইক চ্যাপ্টার ফোর তার প্রথম সপ্তাহে আয় করেছিল ৭ কোটি ৩৮ লাখ ডলার। সেদিক থেকে ইন্ডিয়ানা জোনসের মতো একটি সিনেমা ৬ কোটি ডলার আয় করা বেশ বড় একটি ঘটনা। এমনটা হলে ইন্ডিয়ানা জোনস ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং উইকএন্ড পাবে সিনেমাটি। পাশাপাশি হলিউড বক্স অফিসও স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে।

সূত্র ও ছবি: ডেডলাইন