দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও জড়িত তিনি। সম্প্রতি তার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। ভারতের ২০তম ‘ টেলিসিনে অ্যাওয়ার্ড’-এ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন আফজাল হোসেন। ৪ জুন টেলিসিনে অ্যাওয়ার্ডের আসরে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
কলকাতা থেকে আফজাল হোসেন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কলকাতার সিনেমা, নাটক, সাহিত্য সবই আমরা দেখি, পড়ি। কিন্তু আমাদের নাটক, সিনেমা, সাহিত্য সেভাবে কলকাতায় পৌঁছায় না। বর্তমানে ওটিটি প্লাটফর্মের কারণে কলকাতার দর্শক নাটক দেখছে এবং আমাদের শিল্পীদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে। আমাদের কাজের জায়গার ব্যাপ্তি যদি কলকাতায় বাড়ত, তাহলে ঢাকার আর্টিস্টের ব্যস্ততাও বাড়ত, কাজের ব্যাপ্তিও বাড়ত, এটা আমার পর্যবেক্ষণ। যেহেতু আমাদের ভাষা একই। আর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের দেখা হয়, কথা হয়, ভাবের আদান-প্রদান হয় ও সম্পর্কের উন্নয়ন হয়। অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। এটা ভালো লাগার বিষয়।’
অন্যদিকে সম্প্রতি আফজাল হোসেন একটি সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমার নাম ‘অপরাজেয়’। এতে তার বিপরীতে আছেন দেশের ছোট পর্দার পরিচিত মুখ দীপা খন্দকার। ফরিদুর রেজা সাগরের ‘একা’ গল্প অবলম্বনে সিনেমাটির গল্প লিখেছেন, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ঘুড্ডি সিনেমাখ্যাত পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকী। আফজাল হোসেন পরিচালিত প্রথম সিনেমা ‘মানিকের লাল কাঁকড়া’ মুক্তির অপেক্ষায়।










