এসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া সিনেমায় তার বেশ কয়েকটি গান রয়েছে।

গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘জ্বীন থ্রি’ সিনেমার ‘কন্যা’ গানটি। এছাড়া ‘বরবাদ’ সিনেমার ‘মায়াবী’ গানটিও আলোচনায় ছিল। শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে ইমরানের গাওয়া ‘বন্ধুগো শোনো’ গানটিও। বলা যায়, এবারের ঈদে এ তিন গান নিয়ে দারুণ আলোচনায় ছিলেন ইমরান।

এদিকে ২০২০ সালে ইমরান মাহমুদুলের কণ্ঠে ‘এত ভালোবাসি’ গানটির প্রশংসা করছে দর্শক-শ্রোতারা। গানটি লেখা মো. জামাল হোসেনের। সুর সংগীত ও প্রোগ্রামিং ইমরানের নিজের। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এ গানে ইমরানের বিপরীতে মডেল হয়ে রাতারাতি আলোচনায় চলে এসেছিলেন এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। গানটি এখন পর্যন্ত ৩ কোটি ৬০ লাখের বেশি ভিউয়ারস উপভোগ করেছে। আশা করা যাচ্ছে, অল্প কিছুদিনের মধ্যেই ইমরানের গাওয়া এ গান চার কোটির ঘরে পৌঁছবে। ইমরান মাহমুদুল বলেন, ‘গানটি আমার খুব পছন্দের একটি গান। জামাল ভাই অনেক আশা নিয়ে আমার ওপর ভরসা করেই গানটির সুর সংগীতের দায়িত্ব আমাকেই দিয়েছিলেন। আমিও মনের মতো করে সুর করেছিলাম। গানটি করার পর আমরা সবাই মিলেই কেয়া পায়েলকে নিয়ে গানটির মিউজিক ভিডিও করি। সৈকত রেজা ভাই অনেক শ্রম দিয়েছেন এ মিউজিক ভিডিও নির্মাণের জন্য। এর ফল তিনি পাচ্ছেন। শুধু তিনিই নন, আমরা পুরো টিম, রঙ্গন মিউজিক চ্যানেলও পাচ্ছে। সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হলো যে রঙ্গন মিউজিক চ্যানেলটির সর্বাধিক ভিউয়ের গান আমার এত ভালোবাসি গানটি। এটা আসলেই অনেক অনেক ভালো লাগার একটি বিষয়। আমি বিশেষভাবে কৃতজ্ঞ জামাল ভাইয়ের কাছে। কারণ তার লেখা এ গান আমার সুর সংগীত ও কণ্ঠ এত জনপ্রিয়। ধন্যবাদ কেয়া পায়েলকে সে সময় আমাদের সহযোগিতা করার জন্য। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার সব ভক্ত শ্রোতা-দর্শককে। কারণ তাদের কারণেই এখনো নতুন নতুন গান করার অনুপ্রেরণা পাই।’