জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন। তিন দশকেরও বেশি সময় ধরে গান গেয়ে যাচ্ছেন তিনি। প্রয়াত অ্যান্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন একই ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে দীর্ঘদিন গানে তালিম নিয়েছেন। নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে সিনেমায় প্লে-ব্যাক করেন তিনি। সেই থেকে আজ অবধি তিনি পেশাগতভাবে গান গেয়েই যাচ্ছেন। সিনেমাতে এক হাজারেরও বেশি গান গেয়েছেন রিজিয়া পারভীন। সিনেমায় তার কণ্ঠে জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হলো ‘তুমি সখা আমার বন্ধু লাগো’, ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’, ‘প্রেমের নামে মিথ্যে বলো না’, ‘সবার জীবনে প্রেম আসে’, ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’, ‘আশা আমার ভালোবাসা’ ইত্যাদি। কিছুদিন আগেও রিজিয়া পারভীন আমেরিকাতে বেশ কয়েকটি স্টেজ শোতে সেখানকার প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করেছেন। ২০ নভেম্বর রিজিয়া পারভীন দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি জানালেন, আগামী কয়েক মাস তিনি দেশেই থাকবেন। রিজিয়া পারভীন বলেন, ‘সিনেমায় আমার বেশকিছু জনপ্রিয় গান রয়েছে। তবে আমি যতটা আশা করেছিলাম সিনেমার গান নিয়ে সে স্বপ্ন বা আশা পূরণ হয়নি। তার পরও শুকরিয়া দেশের মানুষ আমাকে চিনেন, জানেন, সম্মান করেন। এটাই অনেক বড় প্রাপ্তি। এবার দীর্ঘদিন দেশে থাকার পরিকল্পনা নিয়েই দেশে ফিরেছি। বেশকিছু স্টেজ শোতে পারফর্ম করার ব্যাপারে আলাপ চলছে। আশা করছি এই স্টেজ মৌসুমেও শ্রোতা-দর্শককে গানে গানে মুগ্ধ করতে পারব। রিজিয়া পারভীন ছোটবেলায় উচ্চাঙ্গসংগীত, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন।