১৬ বছর অতিক্রম করেছে নন্দিত নাট্য সংগঠন বটতলা। ২৭ আগস্ট এ সংগঠনের ১৬ বছর পূর্ণ হয়। দর্শক, সহযাত্রী, শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ সমর্থন, সহযোগিতা ও গণমানুষের ভালোবাসাকে পাথেয় করে দীর্ঘদিনের পথচলা এ নাট্য সংগঠনটির। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের নতুন বাংলাদেশ বিনির্মাণে, সর্বপ্রাণের মুক্তির লড়াইয়ে নিঃশঙ্ক চিত্তের গাই জয়গান, এটাই বটতলার এবারের স্লোগান। 

এ দীর্ঘ সময়ে দলটি মঞ্চে এনেছে ‘ক্রাচের কর্নেল’, ‘সখী রঙ্গমালা’, ‘খনা’, ‘রাইজ অ্যান্ড শাইন’, ‘মার্ক্স ইন সোহো’, ‘মধুশিকারি’, ’ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’, ‘বন্যথেরিয়াম’, ‘জতুগৃহ’সহ অনেক আলোচিত নাটক। গত দিনগুলোয় পথে ও মঞ্চে প্রাণ প্রকৃতি সুরক্ষা তথা সর্বজনের লড়াই সংগ্রামে সোচ্চার কণ্ঠ হিসেবে বটতলা নিঃশঙ্ক চিত্তে স্বতঃস্ফূর্ত শৈল্পিক প্রয়াস অব্যাহত রেখেছে, অনাগত দিনেও সে পথেই হাঁটবে। 

দেশে চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় এবার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন থাকছে একেবারেই অনাড়ম্বর। আজ বটতলা মঞ্চে আনছে তাদের দর্শকপ্রিয় নাটক বন্যথেরিয়াম। সন্ধ্যা ৭টায় রাজধানীর মহিলা সমিতিতে দেখা যাবে নাটকটির বিশেষ প্রদর্শনী। এর টিকিট বিক্রির অর্থ ব্যয় করা হবে বন্যার্ত শিশুদের কল্যাণে। প্রদর্শনীর আগে বেলা ৪টা থেকে বহিরাঙ্গনে থাকছে ‘ড্র উইথ কার্টুন পিপল’ শীর্ষক শিশুদের জন্য বিশেষ আর্টক্যাম্প। 

বটতলা নাট্যদল প্রতি দুই বছর পর কর্মীদের অনুপ্রাণিত করার জন্য একটি পদক দেয়। ‘নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক’ নামের এ সম্মাননা দেয়া হবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতেও।