বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ। কেবল জনপ্রিয়ই নন, তিনি সমালোচক প্রশংসিতও। একসময় টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা হিসেবে ব্যস্ত দিন পার করেছেন। সুনাম কুড়িয়েছেন নির্মাতা হিসেবেও। চলচ্চিত্র নির্মাণ করে একাধিকবার সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বর্তমানে অভিনয় খুব একটা না করলেও নাটক, চলচ্চিত্র নির্মাণেই বেশি সময় দিচ্ছেন। তবে তৌকীর আহমেদ সাধারণত টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন না। দীর্ঘদিন পর একটি টিভি অনুষ্ঠানে আসছেন তিনি।

আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘স্টার নাইট’। রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌসুমী মৌ। প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে তৌকীর আহমেদকে। অনুষ্ঠানে নিজের অভিনয় ও ব্যক্তিজীবনের অনেক কথা বলবেন তিনি। এসব কথা আগে কখনো বলেননি। ইন্ডাস্ট্রিতে পথচলায় ভালোমন্দ নানা অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্য-ব্যর্থতার কথাও বলবেন। সেই সঙ্গে তার সহকর্মী, কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় নাটক, চলচ্চিত্রের ক্লিপিংসও দেখানো হবে। তার বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে দর্শক জানতে পারবেন নতুন করে।