আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাসায় মারা গেছেন টলিউডের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। হূদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৭ বছর বয়সে প্রয়াত হলেন এক সময়ের জনপ্রিয় এ নায়ক।
পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দু দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। অসুস্থ অবস্থাতেও তিনি বুধবার স্টার জলসার একটি রিয়েলিটি শো-তে অংশ নিয়েছিলেন। তবে শুটিং চলাকেই অসুস্থ হয়ে পড়েন অভিষেক। অবস্থা খারাপ দেখে তাকে হাসপাতালে নেয়ার কথা হলে অভিষেক অনিচ্ছা প্রকাশ করেন এবং নিজ বাড়িতে ফিরে আসেন। বাড়িতে তার অবস্থার উন্নতি হয়নি। ভোরের দিকে মারা যান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।
তার মৃত্যতে শোকের ছায়া নেমে এসেছে টালি পাড়ায়। সহকর্মী থেকে এ যুগের তারকারা শোক জানিয়েছেন অভিষেকের মৃত্যুতে। নায়ক দেব, অভিনেতা শাশ্বত চট্টোপাধায়, পরিচালক অরিন্দম শীলসহ আরো অনেক শোকবার্তা লিখেছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে।
অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তিনি লেখেন, ‘অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর শুনে খুব খারাপ লাগছে। অভিষেক ছিলেন অত্যন্ত গুণী একজন শিল্পী। আমরা তাকে মিস করব। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’
শোক জানিয়েছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। প্রসেনজিতের সঙ্গে অনেক সিনেমায় দেখা গেছে অভিষেক চট্টোপাধ্যায়কে। চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই তারকা। অভিষেক অভিনীত সিনেমার মধ্যে রয়েছে সুজন সখী, জয়বাবা ভোলানাথ, বাদশা, মায়ের আশীর্বাদ, অমর প্রেম, তুফান, মায়ের আঁচল, বাড়িওয়ালা। তবে শেষের দিকে বড় পর্দার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিলো তার। কাজ করছিলেন কয়েকটি বাংলা সিরিয়ালে এবং এখানেও জনপ্রিয়তা পান তিনি।










