দর্শক প্রশংসায় জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদের গল্প’। নাটকটি ৫ নভেম্বর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার সিনেমাওলার ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইতে সম্প্রচার হচ্ছে।

সম্প্রতি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এ ধারবাহিক। নাটকটিতে অভিনয় করছেন একঝাঁক প্রতিভাবান তারকা ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার, অপু ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠু।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘‌এটি মূলত পারিবারিক বন্ধনের গুরুত্বকে কেন্দ্র করে তৈরি। আমাদের সমাজের মূল শক্তি পরিবার। পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময় গভীর প্রভাব ফেলে।’

সিরিজের ট্যাগলাইন রাখা হয়েছে ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’। নাটকে দেখানো হয়েছে পারিবারিক সম্পর্কের নানা দিক, যেমন ভালোবাসা, দ্বন্দ্ব, সহানুভূতি ও মমত্ববোধ। নির্মাতা আশা করছেন, দর্শক নাটকের চরিত্র ও গল্পের মধ্যে নিজেদের জীবনের নানা অনুভূতি ও মুহূর্ত খুঁজে পাবেন।

প্রকাশের পরই সিরিজটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াতে শুরু করেছে। দর্শক বিশেষ করে পারিবারিক বন্ধন ও সম্পর্কের জটিলতা ফুটিয়ে তোলার জন্য নাটকটিকে ভালোবেসে গ্রহণ করেছেন। নাটকটি সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।