মহামারীর পর থেকেই বক্স অফিসে গতি ফেরা শুরু করেছে। অবশ্য ডিজনির জন্য চমক পেতে অপেক্ষা করতে হয়েছে একটু বেশি সময়ই। চলতি বছর পিক্সারের ব্যানারে মুক্তি পাওয়া ইনসাইড আউট টু সর্বকালের সেরা অ্যানিমেশন সিনেমায় পরিণত হয়েছে। বক্স অফিসে চলচ্চিত্রটির আয় ১৫০ কোটি ডলার ছাড়িয়েছে। এদিকে মার্ভেলের ব্যানারে মুক্তি পাওয়া ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ এখনো চমক দেখিয়ে চলছে বক্স অফিসে। ধারণা করা হচ্ছে, শিগগিরই শতকোটি ডলারের মাইলফলক অতিক্রম করবে।
কিন্তু গল্প এখানেই শেষ নয়। চলতি বছরেরই থ্যাংকসগিভিং ডের ছুটিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে মোয়ানা টুর। এর আগে ২০১৬ সালে মুক্তি পাওয়া মোয়ানার প্রথম কিস্তি ঝুলিতে তুলেছিল প্রায় ৭০ কোটি ডলার। ২০২৩ সালেও মোয়ানা ছিল অনলাইন প্লাটফর্মগুলোয় সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায়। দর্শক ও সমালোচকরা সিকুয়েল দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ফলে মুক্তির সঙ্গে সঙ্গে সিনেমার আয় শতকোটি ডলার অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ইনসাইড আউট প্রথম কিস্তির আয় ছিল ৮৫ কোটি ডলার। সিকুয়েলে আয় হয়েছে দ্বিগুণ। মোয়ানার জন্য শতকোটি অতিক্রমের পূর্বাভাস অস্বাভাবিক নয়।
এদিকে বক্স অফিসে স্বতন্ত্র উদাহরণ স্থাপন করতে পারে মুফাসা: দ্য লায়ন কিং। সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পাওয়া দ্য লায়ন কিংয়ের প্রিকুয়েল। লায়ন কিং বক্স অফিস থেকে আয় করেছিল ১৬০ কোটি ডলার। অবশ্য সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বর্তমানে কেমন তা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না এখনো।
ডিজনি দীর্ঘদিন ধরেই বক্স অফিসের চ্যাম্পিয়ন। তবে বার্ষিক আয়ের অনুপাতে প্রতিষ্ঠানটির প্রেক্ষাগৃহকেন্দ্রিক ব্যবসা সামান্যই। স্টার ওয়ার্স, মার্ভেল, অ্যাভাটার ও পিক্সারের চরিত্রগুলো কেবল প্রেক্ষাগৃহে সীমাবদ্ধ নয়; থিম পার্ক, টিভি শো এবং বাণিজ্যিক পণ্য হিসেবেও তৈরি করেছে স্বতন্ত্র প্রভাব।
শতকোটি ডলার আয়ের রেকর্ড ডিজনির জন্য নতুন নয়। এখন পর্যন্ত ৫৩টি সিনেমা শতকোটির মাইল ফলক অতিক্রম করেছে, যেখানে ডিজনির ব্যানারে বের হয়েছে ২৭টি। সিনেমাগুলোর মধ্যে ২০০৯ সালের অ্যাভাটার ও ১৯৯৭ সালের টাইটানিক নির্মিত হয়েছিল টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সের ব্যানারে। তবে দুই প্রতিষ্ঠান একীভূত হওয়ার পর সিনেমা দুটিকে ডিজনির বিবেচনা করা হয়। এছাড়া মার্ভেলেরই চরিত্র স্পাইডারম্যান সনির ব্যানারে মুক্তি পেয়েও শতকোটির ঘর অতিক্রম করেছে।
মহামারীর সূত্র ধরে কমে আসতে থাকে ডিজনির আয়। প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ার প্রত্যক্ষ প্রভাব পড়ে বক্স অফিসে। যদিও অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার বক্স অফিসে চমক দেখিয়েছে; তবে অ্যানিমেশন সিনেমাগুলো ভালো করেছে বেশি। চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা ডিজনির সিনেমাগুলো হলো অ্যালিয়েন: রমিউলাস, মোয়ানা টু এবং মুফাসা: দ্য লায়ন কিং।
সূত্র: সিএনবিসি









