সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া আরো চারটি নাশকতা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এ সময় কারাগার থেকে অনলাইনে শুনানিতে হাজির করা হয় আসামি চিন্ময় দাসকে। এদিকে সোমবার এক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের দিন আদালত এলাকার বিভিন্ন ঘটনায় মোট পাঁচটি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলা ছাড়া বাকি চারটি মামলায় চিন্ময় দাস ব্রহ্মচারীকে আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন করেন এ মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়।










