নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ করাকে বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমরা অনেক আগেই আমাদের বক্তব্য দিয়েছি। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হোক। আদালতেই সে সিদ্ধান্ত নেবে। তার জন্য আমরা তো আইন সংশোধন করেছিই।’ রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গতকাল গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক দলের বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপিত হলে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হলে সেটি নির্বাচন কমিশন মানতে বাধ্য। এছাড়া অন্য যেকোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটি হবে একটি ভয়ংকর চর্চা। এখন জাতীয় পার্টিসহ ১৪ দলের নিষিদ্ধ যারা চাচ্ছেন তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা আদালতে উত্থাপন করতে পারে। এ বিষয়ে আইন তো আছেই। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটি নিশ্চিত হোক।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে ২০২৪ সালের ৭ জানুয়ারি যে আমি-ডামির ভুয়া নির্বাচন হয়েছিল, সেখানে সম্ভবত ২৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তাহলে নিষিদ্ধ যদি চাইতেই হয়, স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসর হিসেবে ২৮টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে।’

ঐক্যমত্য কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আলোচনায় যাচ্ছি। আগামীকালও (বুধবার) আলোচনা হবে। আলোচনার পরিপ্রেক্ষিতে যা কিছু প্রস্তাব দেয়ার আমরা ওখানে দেব বা আলোচনা করব। আমরা নীতি ঠিক করেছি যে এমন কোনো প্রক্রিয়াকে উৎসাহিত করব না, যেমন স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কোনো স্টেশন অর্ডার, যা-ই হোক—যে প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও আবার অনুমোদিত হবে। তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। এমন নজির আমরা রেখে যেতে চাই না।’