অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের সংশয় রয়ে গেছে। প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো আছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কী জানতে চেয়েছি। কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে।’

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এর আগে দুই নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আব্দুর রহমানেল মাছউদের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

রিজভী আরো বলেন, ‘নির্বাচন কমিশনারদের সঙ্গে আরপিও ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোটের ব্যাপারে কথা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের সামগ্রিক বিষয়ে আমরা কথা বলেছি। তবে সীমানা পুনর্নির্ধারণে কোনো সুনির্দিষ্ট আসন নিয়ে আলোচনা হয়নি।’