জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যমুনার সামনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও এর দোসর জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। বিগত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারেও আওয়ামী মনোনীত প্রার্থী লেখা ছিল। তারা সরকারের ফ্যাসিবাদী সরকারের মন্ত্রীও ছিল। তাই তাদের কার্যক্রম স্থগিতের জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।
বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে আদীব জানান, অভ্যুত্থানের এক বছর পরও পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিত হয়নি। নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। অভ্যুত্থানে অংশ নেয়া প্রবাসীদের আইনি সহায়তা দেয়ার দাবি জানানো হয়েছে। গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রীয় সংস্থার যে সব সদস্যরা নির্বাচনে প্রভাবিত করেছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।
নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি।
এছাড়া ১০০ আসনে যাতে সরাসরি নারীরা নির্বাচন করতে পারেন, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে বলেও জানান এনসিপির এ নেতা। তিনি বলেন, ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যাতে ভোট দিতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।










