চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ভাণ্ডারী কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) রাউজানের আবদুল মোতালেবের ছেলে। তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন।

জানা যায়, রাতে ঘরে ঢুকে কয়েকজন সন্ত্রাসী গুলি করে তাকে হত্যার পর অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত মানিক গত বছরের অক্টোবরে দেশে ফেরেন। তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে নগরীর একটি ভাড়া বাসায় থাকতেন।

রাউজান থানার এসআই মোহাম্মদ আলী সৈকত জানান, নিহত যুবদল কর্মীর মাথা, উরু ও পায়ে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজতে কাজ শুরু করেছে পুলিশ।