বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ। রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে এবং জনগণ বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায়। জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক চিত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।’

গতকাল রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘জিয়া সুইমিং কার্নিভাল’ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।

রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন জরুরি উল্লেখ করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘যে পরিবর্তন রাজনীতিতে এসেছে, সেটি গ্রহণ করতে হবে। জনগণ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে এ দেশ গড়ে তুলতে পারব না। বর্তমান রাজনীতিতে ভিশন ও দূরদৃষ্টি থাকা জরুরি। গৎবাঁধা রাজনীতির মাধ্যমে আর এগোনো যাবে না। জনগণকে নতুন নতুন ধারণার মাধ্যমে অনুপ্রাণিত করতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। আগামী দিনে খেলাধুলা নিয়ে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, তা অনেকে এখনো উপলব্ধি করতে পারেননি। দেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’