ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টায় ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট প্রদান করবেন শিক্ষার্থীরা।

এর আগে ভোর থেকে শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিকতা। ৬টা থেকে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে ব্যালট বক্স ও ব্যালট পেপার বিভিন্ন কেন্দ্রে নেয়া হয়। এর আগে রাতেই কমিশনের কার্যালয়ে ব্যালট বক্স আনা হয়েছে। ভোরে ব্যালট পেপার পৌঁছে। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে।

udoyon

উদয়ন স্কুলের সামনে ভোটারদের ভিড়। ছবি- কাজী সালাউদ্দিন রাজু

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন; যার মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৪৭১ জন। তাদের মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন, নারী প্রার্থী ৬২ জন। এছাড়া হল সংসদ নির্বাচনে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

১৩ ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৮৫০ জন এবং ৫ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৮৫। কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি মিলিয়ে প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হবে। ভোট গ্রহণ হবে ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। এরপর ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে হবে ফল গণনা। ফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।