বিশ্ব ভোক্তা অধিকার বিদস উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, এনএসআই এর উপ পরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া এর সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানসহ চেম্বার অব কমার্স, বাস মালিক সমিতি ও হোটেল রেস্তুরা মালিক সমিতির নেতৃবৃন্দ। 

সভায় বক্তারা বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত ও প্রতারণার হাত থেকে রক্ষা করে তাদের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। এরই আলোকে সংশ্লিষ্ট দপ্তর ভোক্তা অধিকার আইনের পরিপূর্ণ প্রয়োগের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তাই ভোক্তাদের অধিকার নিশ্চিতে সরকারের পাশাপাশি সকলকে যার যার অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে।