বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে এবং প্রত্যেকটি নাগরিকের পরিচয় হচ্ছে বাংলাদেশী। ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই এ রাষ্ট্র, সমাজ ও দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজ, দেশ, রাষ্ট্র গড়ব। এখানে বিভক্তির কোনো সুযোগ নেই। সংখ্যাগরিষ্ঠের রাজনীতি বাংলাদেশে চলবে না। আমরা সবাই মিলে দেশ গড়ব।
রোববার (১১ মে) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দিরের সামনে শান্তি শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ শোভাযাত্রায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আমীর খসরু মাহমুদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিন্তা-চেতনায় শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের এটাই ছিল মূল উদ্দেশ্য। তিনি এজন্য বাংলাদেশী জাতীয়তাবাদকে এনেছেন। এদেশে বসবাসরত সবাই বাংলাদেশী। ধর্ম যার যার রাষ্ট্র সবার এ কথাটা পরিষ্কার। আমরা মেসেজ দিতে চাই, এ দেশ সবার। সবাই মিলে গড়তে হবে। আমরা বিগত ১০-১৫ বছর অনেক অশান্তির মধ্যে থেকেছি। এই সমাজ ভেঙে গেছে, রাজনীতি ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু ভেঙে গেছে। আমাদের সমাজকে ধ্বংস করে দেয়া হয়েছে। এমন দেশ, সমাজ গড়তে চাই, যে দেশ হবে শান্তির। আমরা আর অশান্তি চাই না বাংলাদেশে। এ দেশের মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ চায়। আজকের শোভাযাত্রা সেটারই প্রতীক মনে করি।










