পণ্য পরিবহন নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছেন নৌযান শ্রমিকরা। গতকাল নগরীর ফিরিঙ্গি বাজারে মেঘনা কমিউনিটি সেন্টারে এ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। সমাবেশে বক্তব্য রাখেন নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবু সাঈদ ও প্রকাশ দত্ত, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হাজি শেখ মো. ইছা মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৯ সালে গৃহীত ত্রিপক্ষীয় সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন ও সরকার ঘোষিত গেজেটের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ বাস্তবায়নসহ নৌযান শ্রমিকদের ১১ দফার অমীমাংসিত দাবি আদায়ে সোচ্চার হতে হবে। এছাড়া এমভি আল-বাখেরা জাহাজে শ্রমিক হত্যার প্রকৃত রহস্য উদঘাটন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত বাবুর্চি রানা কাজীর পরিবারকে ক্ষতিপূরণ, আহত জুয়েল সুকানির সুচিকিৎসার ব্যবস্থা এবং পাইপলাইনে তেল সরবরাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।










