কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। গতকাল শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া শুধু নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন।’
ডা. জাহিদ হোসেন বলেন, ‘জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, সকল মানুষের নেতা জনাব তারেক রহমান।’
উল্লেখ্য, ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেফতার হয়ে কারাগারে যেতে হয়েছিল তারেক রহমানকে। মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য ২০০৮ সালে তিনি লন্ডনে চলে যান। তার পর থেকে পরিবার নিয়ে সেখানেই আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ সময় ধরে সেখান থেকেই তিনি দলকে পরিচালনা করছেন।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি মহাসচিবসহ রাজনৈতিক নেতাদের হেনস্তার সমালোচনা করে এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘এ দলের ইতিহাস, এ দলের নেতাদের ইতিহাস কোনোদিনই জনগণের পক্ষে ছিল না। ওনারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন, ওনারা জনগণের ওপরে চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করেন। তারা এ দেশটাকে মনে করে তাদের পৈত্রিক সম্পত্তি। যেমনি ইচ্ছা, অমনি চালাবে। অন্যায় ওনাদের পূর্বপুরুষরা করেছেন, ওনারাও করছেন। তবে একটি জিনিস মনে রাখতে হবে, শেষ বিচারে জনগণ জানে তাদের কীভাবে প্রতিহত করতে হয়, প্রত্যাখ্যান করতে হয়।’










