নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘জিয়া সুইমিং কার্নিভাল’ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে। জনগণ বিএনপিকে এখন একটি আদর্শ দল হিসেবে দেখতে চায়। তার মতে, জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক চিত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন জরুরি উল্লেখ করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, রাজনীতিতে ধ্যান-ধারণারও পরিবর্তন জরুরি। যে পরিবর্তন রাজনীতিতে এসেছে, সেটি গ্রহণ করতে না পারলে দেশকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব হবে না।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান রাজনীতিতে ভিশন ও দূরদৃষ্টি থাকা দরকার। গৎবাঁধা রাজনীতির মাধ্যমে এগোনো যাবে না। জনগণকে নতুন ধারণা দিয়ে অনুপ্রাণিত করতে হবে, বিশেষ করে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

আমীর খসরু ক্রীড়াঙ্গনের প্রসঙ্গ টেনে বলেন, রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি ক্রীড়াকেও গণতান্ত্রিক করতে হবে। দেশের সব মানুষ যেন সমান সুযোগ পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি জানান, তারেক রহমান ও তার পরিবার খেলাধুলার প্রতি আগ্রহী। আগামী দিনে খেলাধুলা নিয়ে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, তা অনেকেই এখনো বুঝতে পারেননি।

তিনি বলেন, প্রতিটি জেলায় ক্রীড়া কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সাঁতারসহ বিভিন্ন খেলায় যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী সবার জন্য সুযোগ তৈরি করা হবে। এর ফলে প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী অংশ নিতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।