দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলের নেতাকর্মীরা।

গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচির শুরু হয়।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরেবাংলা নগরে সমবেত হন। এ সময় সমাধিস্থল এলাকাজুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের সূচনায় ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশে বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে এনসিপি নেতারা এ শুভেচ্ছা জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বিষয়টি জানান। আবার এনসিপির ফেরিফায়েড ফেসবুক পেজেও এ খবর জানানো হয়।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির ও কেন্দ্রীয় সদস্য তৌহিদ হোসেন। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।