গতকাল রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর সঙ্গে বাংলাদেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধিদল রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছে। এতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ এর পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএ এর ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া, জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির। এছাড়াও জামায়াত এর শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম ও বিশিষ্ট চিকিৎসক ডা. খালিদুজ্জামান উপস্থিত ছিলেন বলে দলটির ভেরিফাইড ফেসবুক পেইজে জানানো হয়।

বৈঠকের আলোচনার বিষয় উল্লেখ করে ফেসবুক পেজে বলা হয়, 'সাক্ষাতে বাংলাদেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও তার পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকগণ দেশের শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। জবাবে জামায়াত আমির দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। আমিরে জামায়াত তার শারীরিক খোঁজখবর নিতে সাক্ষাৎ করতে আসায় শিল্প মালিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।'

এ বৈঠক সম্পর্কে দলটির শীর্ষ পর্যায়ের একজন বণিক বার্তাকে বলেন, 'গতকাল রাত ৮টায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ৯টা ৩০ মিনিটে।'