ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশা আল্লাহ। যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে তিনশ আসনে নির্বাচন করার আশা করি। সেই নির্বাচনে বিজয় লাভের লক্ষ্যে আর্থিক কুরবানিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা করার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

গতকাল রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বক্তব্য রাখেন। এছাড়া কেন্দ্রীয় মহিলা বিভাগীয় কর্মপরিষদ সদস্যসহ সারা দেশ থেকে নির্বাচিত শুরা সদস্যরা অধিবেশনে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা সভাপতিত্ব করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেক আন্দোলন, ত্যাগ-কুরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, অনেকে হাত-পা ও চক্ষু হারিয়েছেন। আমাদের সবার ত্যাগ ও কুরবানির বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কুরবানির উপযুক্ত প্রতিদান দান করুন, এই দোয়াই করছি।’