চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং নদে গোসলে নেমে পানিতে ডুবে নানি-নাতনির মৃত্যু হয়েছে। মৃতরা হলো শাহানু বেগম (৪৫) ও তার নাতনি মুনতাহা (৮)। গতকাল সোমবার উপজেলার কাঞ্চননগর মানিকপুর গ্রামের মহিষের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে দুই নাতনি সুমাইয়া ও মুনতাহাকে নিয়ে বাঁশের ভেলায় নদীতে গোসল করতে নামেন শাহানু বেগম। এক পর্যায়ে ছোট নাতনি মুনতাহা ভেলা থেকে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে নানি নিজেও পানিতে পড়ে যান। অন্য নাতনি সুমাইয়া সাঁতরে তীরে উঠতে পারলেও শাহানু ও মুনতাহা নিখোঁজ হন।

কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. রমজান আলী বলেন, নিখোঁজের পর এলাকাবাসীর তৎপরতায় নানি-নাতনির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের পাশাপাশি থানা পুলিশ ও ফটিকছড়ি ফায়ার সার্ভিস উদ্ধারকাজে অংশ নেয়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।