বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ থেকে স্বৈরাচার পালালেও একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করতে সেই অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে। এর মাধ্যমে তারা নির্বাচনের পথে পরিকল্পিত উপায়ে বাধা সৃষ্টির অপচেষ্টা করছে বলে বহু মানুষ এরই মধ্যে ভাবতে শুরু করেছে।

যেকোনো মূল্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, সমগ্র বাংলাদেশে ধানের শীষের যত নেতাকর্মী আছে, যারা আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। আমাদের যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারি, তাহলে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে।

তিনি বলেন, এখন আর বসে থাকার সময় নেই। আমাদের লক্ষ্য স্পষ্ট-জনগণের অধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের উন্নয়ন নিশ্চিত করা। এ লক্ষ্যে আর সময় নষ্ট করার সুযোগ নেই। দেশের মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হলে সবাইকে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের অগ্রযাত্রা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে দলের নেতাকর্মীদের সচেতেন থাকার নির্দেশ দেন তারেক রহমান। বলেন, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এ দলের নাম ব্যবহার করে তাদের ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে।

দেশের সংস্কার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারেরও আড়াই বছর আগে সংস্কারের প্রস্তাব দিয়েছিল। সে কারণে দেশের সংস্কার নিয়ে কারো সঙ্গে বিএনপির কোনো মতভিন্নতা বা আপত্তি নেই। তবে সরকার প্রতিষ্ঠিত হতে হবে জনগণের রায়ে।

গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই। তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথ সৃষ্টি না করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের অভিপ্রায়ের সরকার। তবে তাদের কাছে একটি দক্ষ এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সরকারের মতন পারফরম্যান্স আশা করার কোনো যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।