আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া বলেছেন, ‘শেখ হাসিনার মতো ফ্যাসিবাদকে হটিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করেছি আমরা। কিন্তু এখন নিজেদের মধ্যেই দ্বন্দ্ব-সংঘাত শুরু হয়েছে, যা জনগণ পছন্দ করছে না।’
শুক্রবার (১৬ মে) বিকালে চট্টগ্রামের লালদিঘী মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, ‘কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন ঝগড়া চলছে। আগে রাষ্ট্র গঠন করুন, মানুষের সমস্যা সমাধান করুন তারপর এই লড়াই করুন।’
তিনি আরো বলেন, ‘যে মানুষটির ঘর নেই, যার মা চিকিৎসার কষ্টে আছেন, যে শিশু স্কুলে যেতে পারছে না- তার কাছে শেখ মুজিব ও জিয়াউর রহমান এক। আগে তার পেটে ভাত দিন, চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করুন।’
ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের ন্যায্য পানির ভাগও দিতে চায় না ভারত। বর্ষায় বাঁধ খুলে দিয়ে আমাদের ভাসিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে এমন কথাও শোনা যাচ্ছে। আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে।’
জনসভায় দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বাংলাদেশ কোনো পরিবারের কাছে লিখে দেয়া হয়নি, ভবিষ্যতেও হবে না। ক্ষমতায় গিয়ে কেউ যদি আবার স্বৈরাচারী কায়েম করেন, আমরা রুখে দাঁড়াব।’
চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্দরকে আধুনিক করায় সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। তবে শ্রমিক সংগঠনের নামে গড়ে ওঠা চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে দিতে হবে।’
জনসভায় আরো বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় নেতারা। নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক এতে অংশ নেন। নারীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।










