আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের চ্যালেঞ্জের শুনানি নিয়ে আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

তিনটি বামপন্থী ছাত্রসংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এ রিট করেন।

রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন জ্যোতির্ময় বড়ুয়া। তিনি আদালতকে বলেন, 'নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকায় ডাকসু নির্বাচনে ২৮ জনের প্রার্থিতা ট্রাইব্যুনাল বাতিল করেছে। এস এম ফরহাদ ২০২২ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইন্সটিটিউটের ছাত্রলীগের কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক থাকা সত্ত্বেও তার প্রার্থিতা বাতিল করা হয়নি। বরং ট্রাইব্যুনাল বৈষম্য করেছে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী ছিলেন শিশির মনির। তিনি আদালতকে বলেন, 'এস এম ফরহাদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল এমন কোনো প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি। বরং জুলাই অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জুলাই আন্দোলনে এস এম ফরহাদের অবদানের বিষয়টি ডাকসুর একজন ভিপি প্রার্থী তুলে ধরেছেন।'

এসএম ফরহাদের শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা তুলে ধরে তিনি বলেন, 'এস এম ফরহাদ ২০২০ সাল থেকেই শিবিরের রাজনীতিতে যুক্ত ছিলেন। আন্দোলন চলাকালে অর্থাৎ, ২০২৪ সালে ঢাবি শিবিরের সাধারণ সম্পাদকের পদে ছিলেন এস এম ফরহাদ।'

শিশির মনির জানান, ডাকসু নির্বাচন না পেছানোর জন্য দ্রুততম সময়ে চেম্বার আদালতে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।