চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ভান্ডারী কলোনির একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) রাউজানের আবদুল মোতালেবের ছেলে। তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন।
জানা যায়, রাতে ঘরে ঢুকে কয়েকজন সন্ত্রাসী গুলি করে তাকে হত্যার পর অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত মানিক গত বছরের অক্টোবর মাসে দেশে ফিরেন। স্ত্রী ও ২ ছেলে-মেয়েকে নিয়ে নগরীর একটি ভাড়া বাসায় থাকতেন।
রাউজান থানার এসআই মোহাম্মদ আলী সৈকত জানান, নিহত যুবদলকর্মীর মাথা, উরু ও পায়ে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজতে কাজ শুরু করেছে পুলিশ।










