বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান। এ পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে।’
গতকাল রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলামের ক্যান্সার আক্রান্ত নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘একটি ইসলামী দল পিআরের জন্য তুমুল আন্দোলনের কথা বলেছে। এটি একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান, যা কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি কারো জন্য মঙ্গল হবে না। বরং এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।’
সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ মাওলানা ফারুকীর হাতে তুলে দেয়া হয়। সেইসঙ্গে অতীতের মতো ভবিষ্যতেও আলেমদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন রিজভী।










