চট্টগ্রামের পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে থানার সামনে এ ঘটনা ঘটে।

আজ বুধবার (২ জুলাই) সকাল থেকেই এই ঘটনার জেরে থানার প্রবেশপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে সংগঠনটির নেতাকর্মীরা। পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান করছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ জানান, পটিয়া থানার ওসি জায়েদ নূরের অপসারণ না হওয়া পর্যন্ত থানার সামনে তাদের অবস্থান চলবে। তিনি বলেন, ‘আমরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।’

জানা গেছে, মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের নেতা দীপংকর দেকে দেখতে পেয়ে আটক করে পটিয়া থানা চত্বরে নিয়ে আসে। তবে ওই নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে আটক করতে চায়নি। এ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী, এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমানসহ কয়েকজন আহত হন। রাতে জরুরি সংবাদ সম্মেলন করে সংগঠনটি তাদের অবস্থান ও দাবি তুলে ধরে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, গত রাতের ঘটনার পর বুধবার সকাল থেকে আন্দোলনকারীরা থানার সামনে অবস্থান নিয়েছে। তারা কয়েকটি দাবি জানিয়েছে। দাবিগুলো পর্যালোচনা করা হচ্ছে ও দ্রুত সমাধানের চেষ্টা চলছে।