ফিলিস্তিনের জনগণের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। এ সময় ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানান তারেক রহমান।

ফেসবুকে তারেক রহমান লিখেছেন, ‘বিশ্ব সম্প্রদায় যেন আন্তর্জাতিক বিচার আদালতকে বলে যে, তারা যেন ফিলিস্তিনিদের ভয়াবহ দমন-পীড়নের শিকার হওয়ার এ সময়ে আর দেরি না করে স্পষ্টভাবে ঘোষণা করে, গাজায় ইসরায়েলি সরকার একটি গণহত্যা চালাচ্ছে।’

তিনি আরো লেখেন, ‘সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনার খবর মিলেছে, যা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যত অসম্ভব করে তুলবে, এটি হৃদয়বিদারক। বেনয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, জমি ও ইতিহাসের ওপর চলমান জাতিবিদ্বেষ ও আক্রমণ ফিলিস্তিনিদের গণহত্যা এবং পরিকল্পিত জাতিগত নিধনের চেয়ে কম কিছু নয়, এটি জঘন্য।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, ‘বিশ্বজুড়ে বাংলাদেশীরা সবসময়ই আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার চেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বহু বাংলাদেশী নাগরিক বসবাস ও কর্মরত আছেন। ইসরায়েলি সরকারের এ দমননীতির ফলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।’