চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর (রোববার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন চাকসু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১ সেপ্টেম্বর। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ করা হবে ২, ৩ ও ৪ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ সময় ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। আর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আগামী ১২ অক্টোবর চবির বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত মাত্র ছয়বার চাকসু নির্বাচন হয়েছে। এর আগের তিনটি নির্বাচনে আমি সম্পৃক্ত ছিলাম। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব আমার কাঁধে এসেছে। আমি আমার ওপরে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ কাজ করব। এই নির্বাচন সুস্থভাবে সম্পন্ন করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।

১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এরপর সর্বশেষ ৬ষ্ঠ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। অর্থাৎ প্রায় ৩৫ বছর পরে ৭ম বারের মতো চাকসু নির্বাচন হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে চবিতে ৯টি অনুষদ, ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে প্রায় ২৮ হাজার ৫১৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন।