চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে কিশোর মো. রিহান উদ্দিন মাহিনকে (১৫) পিটিয়ে হত্যা ও তার আরো দুই বন্ধুকে মারধরের ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে ৫ জনের নাম উল্লেখ এবং আরো ৭ জনকে অজ্ঞাত আসামি করে তিনি মামলাটি করেন মাহিনের মা খাদিজা বেগম।

এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নোমান (২২) ও আজাদ (২৩) নামের দুইজনকে গ্রেফতার করেছে। তারা কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের বাসিন্দা।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, পূর্ব বিরোধের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে ওই কিশোরদের পেটানো হয়। গ্রেফতার দুজনকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার (২২ আগস্ট) ভোরে স্থানীয় ফটিকছড়ির চেইঙ্গার ব্রিজ এলাকায় মাহিনসহ তিন কিশোর অবস্থান করছিল। এ সময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণভয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলেও হামলাকারীরা তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর এনে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।