তালেবান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের ৬ জন আলেমের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছে। ১৭ সেপ্টেম্বর সকালে তারা দেশটির রাজধানী কাবুলে পৌঁছেন।
গতকাল বাংলাদেশ খেলাফত মজলিশের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সফরকালে প্রতিনিধি দল ইমারাতে ইসলামিয়া (তালেবান) সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবে। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন।
সফরকালে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্ক উন্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে প্রতিনিধি দল আলোচনায় অগ্রাধিকার দেবে। এছাড়া দলটি সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবে।
মামুনুল হক ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।
প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকসহ প্রতিনিধি দল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। সেখানে তারা ওমরাহ আদায় করেন এবং আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মক্কার প্রবাসীদের সঙ্গে এক সভায় মিলিত হন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছেন।
এ সফরে আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার আরো দেশে মাওলানা মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে।










