বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তরণের সুফল পেতে বাংলাদেশে বাস্তবসম্মত ও দৃশ্যমান অগ্রগতি এবং নাগরিকদের জন্য সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।’

গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তরণের পথে। কিন্তু এ উত্তরণ আমাদের ব্যবসা, অর্থাৎ আমাদের কমিউনিটির প্রবৃদ্ধির চালিকাশক্তির জন্য কী অর্থ বহন করছে? উত্তরণ কেবল একটি মাইলফলক নয়, এটি নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ নিয়ে আসে, যা সরাসরি আমাদের অর্থনীতি ও মানুষের জীবনে প্রভাব ফেলবে।’

এ ব্যাপারে বিএনপির উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, ‘যদি সাবধানতার সঙ্গে এগোনো না হয়, তাহলে একাধিক সমস্যার মুখোমুখি হতে হবে। যেমন বাণিজ্যিক সুবিধা হারালে আমাদের তৈরি পোশাক রফতানি ক্ষতিগ্রস্ত হবে এবং প্রতিযোগিতা কমবে। স্বল্প সুদে ঋণ ও সহায়তার প্রবাহ কমে যাবে, যখন রিজার্ভ ও ঋণের চাপ আগে থেকেই বিদ্যমান। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রদত্ত বিশেষ সুবিধা, যেমন ভর্তুকি ও ওষুধের পেটেন্টে নমনীয়তা আর প্রযোজ্য হবে না, ফলে প্রয়োজনীয় ওষুধের দাম বাড়বে। একক খাতনির্ভর রফতানি প্রতিযোগিতা হারালে বড় ঝুঁকি তৈরি করবে।’