ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন বণিক বার্তাকে।
কার্জন হলে ভোট দেয়ার পর এক শিক্ষার্থী বলেন, ‘দেখতেই পাচ্ছেন, উৎসবমুখর পরিবেশ। আমরা খুবই আনন্দিত ভোট দিতে পেরে। আমি বেশিই আনন্দিত কারণ, এটি আমার দ্বিতীয়বারের মতো ভোট দেয়া। আমি চলে যাচ্ছি ক্যাম্পাস ছেড়ে। শেষবার ভোট দিতে পারছি। সবাই অনেক পরিশ্রম করেছে। সবার জন্য শুভকামনা।‘
এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন; যার মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৪৭১ জন। তাদের মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন, নারী প্রার্থী ৬২ জন। এছাড়া হল সংসদ নির্বাচনে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
১৩ ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৮৫০ জন এবং ৫ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৮৫। কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি মিলিয়ে প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হবে। ভোট গ্রহণ হবে ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। এরপর ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে হবে ফল গণনা। ফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।










