সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম আইসিইউতে রয়েছেন। ঘটনার চারদিন পার হলেও এখনো তার জ্ঞান ফেরেনি। অন্যদিকে একই সংঘর্ষে আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বেসরকারি পার্কভিউ হসপিটালের সহকারী ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির বণিক বার্তাকে বলেন, ইমতিয়াজের অবস্থা আগের মতোই আছে। সাপোর্ট ছাড়া হাত-পা নাড়ালেও তার এখনো জ্ঞান ফেরেনি। গত তিনদিন ধরেই এ অবস্থা রয়েছে। রক্তক্ষরণসহ অন্য অবস্থা পর্যালোচনার জন্য সিটি স্ক্যান করানো হয়েছে। অন্যদিক মাথার খুলি খুলে রাখা মামুন রেসপন্স করায় তাকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। অবস্থার উন্নতি হলে পরবর্তী চিকিৎসার ধাপে যাবেন চিকিৎসকরা।

ইমতিয়াজের মা শাহনাজ আমির বলেন, আল্লাহর কাছে দোয়া করছি যাতে আমার ছেলেকে সুস্থ অবস্থায় আবার আমাদের কাছে ফিরিয়ে দেন। ওর অবস্থা এখনো আগের মতোই। চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তারাও আশ্বাস দিয়েছেন। এ আশা নিয়েই আমরা অপেক্ষায় আছি।

মামুন মিয়ার বড় ভাই মাসুদ রানা জানান, মামুনের শারীরিক অবস্থা আগের থেকে এখন ভালো। সে কথা বলতে পারছে। হাত-পা হালকা নাড়াচাড়া করতে পারছে। অবস্থা উন্নতি হয়েছে দেখে আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে। আল্লাহ যেন আমার ভাইকে দ্রুত সুস্থ করে দেন এইটুকুই চাওয়া।

গত গত ৩০ আগস্ট রাতে ও ৩১ আগস্ট দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকশত শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাদের মধ্যে দুজনকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয় এবং আরেকজনকে ঢাকায় পাঠানো হয়।