কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ভেসে থাকা ‘হাবিবা’ নামক একটি মাছ ধরার ট্রলার ও বিপদগ্রস্ত ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এক সপ্তাহ আগে ভোলা জেলার মনপুরা এলাকা থেকে মাছ শিকার করতে এই ট্রলার সাগরে গিয়েছিল।
বুধবার (২৩ জুলাই) বিকেলে নৌবাহিনীর পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাতে নৌবাহিনী যুদ্ধ জাহাজ ‘শহীদ ফরিদ’ সাগরে নিয়মিত টহলে থাকা অবস্থায় মহেশখালী দ্বীপ থেকে ২৫ মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় খুঁজে পায়। পরে ট্রলারটির কাছে পৌঁছনোর পর নৌ সদস্যরা মাঝিদের কাছ থেকে জানতে পান, তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চারদিন ধরে তারা গভীর সাগরে ভাসমান অবস্থায় রয়েছেন। তাদের কাছে খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যাওয়ায় তাদের করুণ অবস্থা পরিলক্ষিত হলে নৌ সদস্যরা জরুরি ভিত্তিতে তাদের খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা জেলেসহ ট্রলারটিকে আজ বুধবার দুপুরে নিরাপদে কুতুবদিয়া দ্বীপ এলাকায় নিয়ে আসেন। এ সময় তাদের প্রয়োজনীয় পানি ও খাবার ছাড়াও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ট্রলারে থাকা ১৮ জন জেলেই বর্তমানে সুস্থ আছেন। অসহায় জেলেরা তাদের জীবন রক্ষা করার জন্য এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য নৌবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নৌ সদস্যরা জানতে পারেন যে, দুর্ঘটনাকবলিত ট্রলারটি ভোলা জেলার মনপুরা এলাকা হতে মাছ শিকারের উদ্দেশে সপ্তাহ আগে সাগরে যায়।










