ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ। তিনি বলেন, এই বিজয় সকল ঢাবি শিক্ষার্থীর। তাদের বিশাল আমানত রক্ষার ঘোষণা এটি। কোনো ভুল করলে সেটি আমাকে জানাবেন। কোনোরকম বিজয় মিছিলে আমরা যেতে চাইছি না। এটা আমাদের আমানতদারীর পরীক্ষা।
ডাকসু নির্বাচনে জয়ী হয়ে আজ (১০ সেপ্টেম্বর) তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেখানে এসব কথা বলেন এস এম ফরহাদ।
তিনি আরো বলেন, আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই।
তিনি আরো বলেন, সব শিক্ষার্থীদের আমানত তাদের ওপর অর্পিত হয়েছে। যে কয়দিন দায়িত্বে থাকবেন সে কয়দিন যদি ভুল কিছু করেন তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন শুধরে দেন। কোনো বিজয় মিছিল করবেন না বলেও জানান ফরহাদ।










