ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বিবাহ নিবন্ধনের সময় কাজী ও সহকারীরা অনেক সময় সরকারি বিধান না মেনে অতিরিক্ত ফি আদায় করেন। এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে এবং ফি আদায়ের রসিদ দিতে হবে। নিকাহ রেজিস্ট্রারদের সরকারি বিধি অনুযায়ী ফি আদায় করতে হবে। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।’

গতকাল চট্টগ্রামের এলজিইডি ভবনের মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের উদ্যোগে বাল্যবিবাহ নিরোধকল্পে কনের স্থায়ী ঠিকানায় নিবন্ধন, বিবাহ ও তালাক নিবন্ধন আইন প্রণয়ন এবং সংস্কার কমিশন কর্তৃক বিবাহ নিবন্ধন ফি তিন ভাগে ভাগ করার বিষয়ে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সভায় ফোরামের নেতারা বাল্যবিবাহ বন্ধে কনের স্থায়ী ঠিকানায় কাজী অফিসে বিবাহ নিবন্ধন, বিবাহ নিবন্ধন ফি তিন ভাগে ভাগ করার সুপারিশ বাতিল এবং বিবাহ নিবন্ধনে বরের বয়স ২০ ও কনের বয়স ১৬ করাসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রমুখ।