চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কনটেইনার জট পরিস্থিতি বিবেচনায় আমদানি হওয়া ফুল কনটেইনার লোড (এফসিএল) কনটেইনারের ওপর আরোপিত চার গুণ হারে স্টোররেন্ট আদেশ এক মাসের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এফসিএল কনটেইনারের (খালি কনটেইনার ছাড়া) ওপর আরোপিত বাড়তি ভাড়া আদায় স্থগিত থাকবে।
বন্দরে ও ঢাকার কমলাপুর আইসিডিতে আমদানি হওয়া এফসিএল কনটেইনারের ওপর চার গুণ স্টোররেন্ট কার্যকর করা হয়েছিল। তখন বন্দরের অপারেশনাল কার্যক্রম বিঘ্নিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
তবে বিজিএমইএসহ ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধে সাময়িকভাবে এই পেনালরেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে চবক। বন্দর কর্তৃপক্ষ বলছে, এক মাস কনজেশন পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখতে আমদানিকারকদের দ্রুত কনটেইনার ডেলিভারি গ্রহণ করতে হবে। অন্যথায় আবারো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে।
প্রিমিয়ার সিমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বণিক বার্তাকে বলেন, ‘পেনালরেন্ট স্থগিত হওয়ায় আপাতত চাপ কমলেও দীর্ঘমেয়াদি সমাধানে আরো কার্যকর পদক্ষেপ জরুরি।’










