দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পাহাড়ি ঢলের কারণে ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। ফলে নিষেধাজ্ঞা জারির আগে এলসি করা আমদানির গম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যাএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে গম রফতানির ওপর ভারত সরকার নিষেধাজ্ঞা জারি করে। এর আগে বাংলাদেশে ১৪ হাজার টন গম আমদানির জন্য এলসি খোলা হয়েছিল। কিন্তু পাহাড়ি ঢলে ত্রিপুরার সঙ্গে অন্য রাজ্যের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গমের গাড়িগুলো ত্রিপুরায় আসতে পারছে না। আমরা আশা করছি চলতি মাসের শেষ দিকে এলসি করা বাকি গমগুলো আখাউড়া স্থলবন্দর দিয়ে এদেশে আসবে।

ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৩-৫ লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রফতানি হয়। প্রতিষ্ঠার ২৭ বছর পর গত বছরের আগস্ট থেকে এ বন্দর দিয়ে পুরোদমে পণ্য আমদানি শুরু হয়।