পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘আসন্ন নির্বাচনের জন্য এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি নিতে হবে। আমাদের সরকারের আসল কাজ ভালো একটি নির্বাচন দেয়া। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা। একটি বালো নির্বাচন উপহার দিতে এ সরকার সব ধরনের কাজই করবে।’

চট্টগ্রাম সার্কিট হাউজে গতকাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক দায়িত্বরত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের এ মতবিনিময় সভার আয়োজন করে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘ভালো একটি নির্বাচন দিতে হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা জরুরি। আমরা এ কাজটি করছি। এখন যেগুলো করছেন, সেগুলো হচ্ছে বাইপ্রডাক্ট। মন্ত্রণালয়ের যেসব সংস্কার করছেন, তা সময়-সুযোগ পাওয়ায় করতে পারছেন। তবে আসল কাজ হলো এখন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া।’

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার শুরু করা জরুরি উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘অনেক রাজনৈতিক প্রভাবশালী আছেন, ক্যাডার আছেন, তারা অস্ত্র জমা দেবেন না। তবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। নির্বাচনকালীন বৈধ অস্ত্র জমা নিয়ে রাখতে হবে। দেশে প্রতিষ্ঠা করতে হবে সুশাসন। আমরা আগের জায়গায় ফিরে যেতে চাই না। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।’

কর্ণফুলী টানেলের প্রসঙ্গ টেনে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘টানেল এখন চালু রাখতে প্রতিদিন লোকসান দিতে হচ্ছে। প্রতিদিনের রক্ষণাবেক্ষণ খরচই উঠছে না। প্রকল্পটি আমাদের কাছে শ্বেতহস্তী হয়ে উঠেছে। টানেলকে ঘিরে যেসব রিসোর্ট নির্মাণ করা হয়েছে, সেগুলো বেসরকারি খাতে দিয়ে দিতে হবে। তারাই সেগুলো রক্ষণাবেক্ষণ করবে।’

এ সময় চট্টগ্রামের সরকারি দপ্তরের সমন্বয়হীনতা, সিটি আউটার রিং রোড, নতুন স্থাপনা নির্মাণে নামকরণ, সরকারের বিভিন্ন টেন্ডার প্রক্রিয়া সংস্কার এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থা ও ভিসি-প্রোভিসি নিয়োগ নিয়ে কথা বলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহানের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএমপি, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।